ঢাকা, ২১ মে ২০২৬:
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আলহমুদি বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এভিয়েশন সেবা প্রতিষ্ঠান dnata-এর পক্ষ থেকে Hazrat Shahjalal International Airport-এর তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।
জবাবে প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি জানান, টার্মিনালের Operational Readiness and Airport Transfer (ORAT) কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এবং পরবর্তী অগ্রগতি জানাবে।
মন্ত্রী আফরোজা খানম বিমানবন্দরের সেবার মান উন্নয়ন এবং দেশের বিমান পরিবহন অবকাঠামোকে আরও শক্তিশালী করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় ইউএই রাষ্ট্রদূত বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।