ঢাকা, ৫ জুলাই, ২০২৬: শরীয়তপুর জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত করার অভিযোগে সহকারী শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঘটনাটি ঘটে ভেদরগঞ্জ উপজেলার ৮৭ নং আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে প্রধান শিক্ষককে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ ওঠে। অভিযোগের পরপরই জেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্ত শুরু করে এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য গ্রহণ, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ এবং প্রমাণ পর্যালোচনা করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
এর ভিত্তিতে সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের সহিংসতা বা শৃঙ্খলাভঙ্গের সুযোগ নেই এবং এ ধরনের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুরক্ষা এবং শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা আমাদের অগ্রাধিকার। অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ও নিরপেক্ষভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি দায়িত্বশীল সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানান এবং বলেন, গণমাধ্যমের ভূমিকা প্রশাসনকে আরও জবাবদিহিমূলক ও কার্যকর করতে সাহায্য করে।