আল্ মামুন, নিউ জার্সি : ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি এবং বিভিন্ন কমিউনিটির মধ্যে সামাজিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “কমিউনিটি ক্রিকেট ডে”। আগামী ২০ সেপ্টেম্বর সকাল ১১টায় কলোনিয়াল পার্কের নব হিল প্যাভিলিয়নে (Knob Hill Pavilion) এ আয়োজন অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের আমেরিকান ক্রিকেট ক্লাব (ACC) আয়োজিত এ অনুষ্ঠানে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অংশগ্রহণের জন্য ক্রিকেটপ্রেমীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের মতে, এটি শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়; বরং বিভিন্ন কমিউনিটির মানুষকে একত্রিত করার একটি সামাজিক মিলনমেলা।
তিন রঙের জার্সিতে তিন দল
এবারের টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার তিন রঙের প্রতিনিধিত্বকারী তিনটি দল অংশ নেবে। দলগুলো হলো—নিউ জার্সি টাইগার্স (সাদা জার্সি), নিউ জার্সি গ্ল্যাডিয়েটরস (লাল জার্সি) এবং ইস্ট কোস্ট টাইটানস (নীল জার্সি)। চ্যাম্পিয়নশিপের জন্য তিন দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
আয়োজকদের ভাষায়, “তিন দল, তিন রঙ, কিন্তু একটাই চেতনা।”
থাকছে নানা বিনোদনমূলক আয়োজন
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে এবারের কমিউনিটি ক্রিকেট ডে বিশেষ তাৎপর্য বহন করছে। ক্রিকেটের পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফেস পেইন্টিং, রাফেল ড্র, শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন খেলা এবং খাবারের স্টল।
সাধারণ দর্শকদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ১৫ ডলার। তবে ১৭ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।
আয়োজকরা আশা করছেন, এ অনুষ্ঠান ক্রিকেটপ্রেমীদের জন্য একটি স্মরণীয় দিন হয়ে উঠবে এবং প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন আরও শক্তিশালী করবে।