রাঙ্গামাটি, ১২ মে, ২০২৬: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং মুক্ত সাংবাদিকতার বিকাশে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আধুনিক বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার দেখানো পথ ধরেই বর্তমান সরকার বহুমাত্রিক গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশকে আরও শক্তিশালী করছে।
মঙ্গলবার (১২ মে) সকালে জর্জ মোটেল অডিটোরিয়াম-এ সংবাদপত্র ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, গণমাধ্যম জাতির দর্পণ হিসেবে কাজ করে। তাই দেশের রাজনীতি, উন্নয়ন ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার যেন না হয়, সে বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপি সরকারের আমলে গণমাধ্যমে নতুন দিগন্তের সূচনা হয়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দেশ বিভিন্ন খাতে এগিয়ে যাচ্ছে।
‘এশিয়া পোস্ট’-এর রাঙ্গামাটি প্রতিনিধি মো. জিয়াউল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল।
এছাড়াও অনুষ্ঠানে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জনাব মো. রেজুয়ান খানের পাঠানো এক প্রেস রিলিজে জানানো হয়, অনুষ্ঠানে বক্তারা দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং পার্বত্য অঞ্চলের উন্নয়নমূলক সংবাদ আরও বস্তুনিষ্ঠভাবে প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।